#মালবাজার: শনিবার রাতে অভিযান চালিয়ে মাল ব্লকের ডামডিম নিচু বাজার এলাকার এক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলংকার, পিস্তল সহ বিপুল পরিমাণ কাফ সিরাপ ও নেশার সামগ্রী উদ্ধার করলো মাল থানার পুলিশ। বাড়ির মালিক বা অন্য কেউ সেই সময় বাড়িতে ছিল না। তাদের খোঁজে তাল্লাসি চালাচ্ছে পুলিশ। জানাগেছে, ডামডিম নিচু বাজার মহ:রহিম নামের এক ব্যাক্তির বাড়ি আছে। বাড়ির মালিক বা তার পরিবারের সদস্যর কেউ বাড়িতে ছিল না।

গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় মাল থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিল মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, আইসি সৌমজিৎ মল্লিক সহ পুলিশকর্মীরা। মাল থানার আইসি মল্লিক জানান সামগ্রিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যখন অভিযান চালানো হয় সেই সময় বাড়ির মালিক সহ অন্যান্যরা পালিয়ে যায়।

বাড়ি থেকে একটি সরকারি অস্ত্র কারখানায় নির্মিত লাইসেন্স বিহীন পিস্তল উদ্ধার হয়েছে। সেই সাথে প্রায় এক লক্ষ টাকার সোনার অলংকার, নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় ডামডিম বাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ রহিম ও তার পরিবার ডামডিম এলাকায় বেশ কিছুদিন ধরে নেশার সামগ্রী বিক্রি করে আসছে। এর আগেও গ্রেপ্তার হয়েছিল।








