#মালবাজার: স্কুলের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর দেরি দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন পদ্মশ্রী করিমুল হক। রবিবার ছিল মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা ছিল দুপুর দুটোর সময়। নির্দিষ্ট সময়ের মধ্যেই উপস্থিত হয়ে যান পদ্মশ্রী করিমুল হক সহ অন্যান্য অতিথিরা।

এদিন প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবাড়াইক। দুপুর দুটো থেকে স্কুলের সবাই অপেক্ষা করতে থাকেন কখন মন্ত্রী আসবেন। এভাবেই গড়িয়ে যায় ২ ঘন্টা কিন্তু মাননীয় মন্ত্রীর দেখা পাওয়া যায়নি। বিকেল চারটে নাগাদ রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন পদ্মশ্রী করিমুল হক।

তিনি মঞ্চ ছেড়ে তৈরি হন, পরিষ্কার বলেন, আমাদের সময়ের দাম আছে। দুইজন অসুস্থ মানুষকে নিয়ে পৌঁছে দিতে হবে হাসপাতালে। স্কুলের প্রধান শিক্ষক শরবন খাউন্ট সহ অন্যান্যরা তাকে বুঝিয়ে মঞ্চে বসান। খানিক বাদে মন্ত্রী এলে অনুষ্ঠান শুরু হয়। এনিয়ে জানতে মন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, বাস্তবে আমি সময় মেনে চলি। গতকাল আমার কলকাতা যাওয়ার কথা ছিল।

এই অনুষ্ঠানের জন্যে টিকিট ক্যানসেল করেছি। আজ এই অনুষ্ঠানের আগে কুমলাই এলাকার একটা রাস্তার কাজের সুচনা অনুষ্ঠান ছিল। সেটা দেরি হওয়ার জন্য আসতে দেরি হয়েছে। সমগ্র ঘটনায় পরে দুঃখ প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরবন খাউন্ট।







