
#ইসলামপুর: চোপড়া ব্লক প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ডাউক নদী থেকে বালি চুরি জারি রাখায় নারায়নপুর ঘাট থেকে মেশিন সহ দুটি নৌকা বাজেয়াপ্ত করল চোপড়া থানার পুলিশ। তবে অভিযুক্ত বালি চোরদের গ্রেফতার করতে পারে নি পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন।

পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর চোপড়ার ডাউক নদীর নারায়নপুর ঘাটকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছিল চোপড়া ব্লক প্রশাসন।মঙ্গলবার চোপড়া থানার আই সি সুরজ থাপা মাইক দিয়ে সেকথা গ্রামবাসিদের জানিয়ে দিয়েছিল। গ্রামবাসিরা বালি মাফিয়াদের সহয়তা করলে গ্রামবাসিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের কথা জানিয়ে দিয়েছিলেন। চোপড়া ব্লক প্রশাসনের এই নির্দেশের পরও বালি মাফিয়াদের বালি চুরি বন্ধ হয় নি।

বৃহস্পতিবার চোপড়া ভূমি সংস্কার দফতর, ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের আধিকারিকরা চোপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে নারায়নপুর ঘাটে অভিযান চালায়। নারায়নপুর ঘাটে বালি চুরি অব্যাহত থাকায় ঘাট থেকেই দুটি বিশাল আকারের নৌকা বাজেয়াপ্ত করে। ক্রেন দিয়ে নৌকা দুটিকে নদী থেকে তুলে থানায় আনা হয়। তবে বালি মাফিয়াদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারে নি। তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।








