#মালবাজার: মালবাজার শহরে গত কয়েকমাস ধরে এদিক ওদিক চুরির ঘটনা ঘটছে। কখনো রাতে আবার সন্ধ্যা কিম্বা ভরদুপুরে। গৃহস্থের অনুপোস্থিতিতে বাড়ির দরজা ভেঙে অথবা জানালার গ্রিল ভেঙে চুরি হচ্ছে মুল্যবান অলংকার, নগদ টাকা অন্যান্য মুল্যবান সামগ্রী। কিছু ক্ষেত্রে পুলিশ কিনারা করলেও বেশিরভাগ ক্ষেত্রে চোর অধরা থেকে যাচ্ছে। উদ্ধার হচ্ছে না চোরাই সামগ্রী। এতেই ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

গত১৬ নভেম্বর ভর সন্ধ্যায় শহরের বাজার রোডে সুরেশ অগ্রয়াল নামের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে থেকে প্রায় ১০-১২ লক্ষ টাকার অলংকার সহ নগদ ৪ লক্ষ টাকা চুরি হয়। কিছুদিন আগে তার কাকার বাড়িতে চুরি হয়েছিল। কয়েকমাস বাজার রোডের আর এক ওষুধ ব্যবসায়ী কৃষ্ণ রায়ের বাড়িতে ভর সন্ধ্যায় চুরি হয়। এরকম ভাবে আরও চুরির ঘটনা ঘটে।
তাই পুলিশি তৎপরতা ও টহলদারির দাবিতে শনিবার সন্ধ্যায় ক্যালটেক্স মোর এলাকায় ওষুধ ব্যবসায়ী সুরেশ অগ্রয়ালের দোকানে সাংবাদিক সন্মেলন করে এই বক্তব্য রাখা হয়।

সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুদেবী মোর সহ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ব্যবসায়ী সুরেশ অগ্রয়াল বলেন, গত ৯দিন আগে আমার বাড়িতে চুরি হয়। তার আর এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়। এভাবে শহরে চুরি বাড়ছে। একাধিকবার পুলিশকে জানিয়েও ফল হচ্ছে না। আমরা নিরপত্তার অভাব বোধ করছি।তাই পুলিশের সক্রিয়তার দাবি জানাচ্ছি।

পৌরসদস্যা মঞ্জুদেবী বলেন, মেয়েরা একটু একটু করে গহনা বানায় এবং তা সঞ্চয় করে রাখে। সেটা যখন চুরি হয় তখন খুব খারাপ লাগে। তাই পুলিশকে বলব তারা যেন সক্রিয় হয়।
ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, পুলিশকে দিনে রাতে সাদা পোশাকে শহরের বিভিন্ন এলাকায় টহলদারি দিতে অনুরোধ করবো।







