
#মালবাজার: প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা জন বারলার বোন মেরিনা কুজুর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার নাগরাকাটায় শাসক দলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে মেরিনার হাতে দলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ দলের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রী সহ আরো অনেকে।

মেরিনার এই তৃণমূলে নাম লেখানোর পেছনে জন বারলার কোন ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও বারলা এদিন ফোন ধরেন নি। এজন্য তার মত পাওয়া যায়নি। মেরিনা অবশ্য নিজে বলছেন এই সিদ্ধান্ত একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত। দাদার সাথে কোন আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তিনি তৃণমূলে যোগ দেন। তার পুরনো দল বিজেপি থেকে তিনি কোন সহযোগিতা পাননি বলেও মেরিনার অভিযোগ।

উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিতে নির্বাচিত মেরিনার এই দল বদলকে ঘিরে কৌতুহল তুঙে উঠেছে গোটা এলাকাতেই। ২০২৩ সালে বিজেপি অবশ্য তাকে টিকিট দেয়নি। এদিন মেরিনার সাথে তৃণমূলে যোগদান সিপিএমের টিকিটের নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক সদস্য অরবিন্দ গুড়িয়া। তিনি নয়া সাইলি চা বাগানের গুয়াবাড়ি লাইনের পঞ্চায়েত প্রতিনিধি।

বিজেপির নাগরাকাটা এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র বলেন, মেরিনা একসময় আমাদের পঞ্চায়েত সদস্য থাকলেও গত তিন বছর ধরে দলে তার কোন সক্রিয়তা নেই। ওর তৃণমূলে যোগদান বিজেপিতে কোন প্রভাব পড়বে না। পঞ্চায়েত সদস্য থাকাকালীন তিনি কোন কাজও করেননি।

এদিন তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় আইএনটিটিইউসির জেলা কমিটির সভাপতি তপন দে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষ, যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, দুলাল দেবনাথ, অসিতাভ বসুর মত নেতারা।






