
#ইসলামপুর: পুজোর উৎসবে আচমকা বিস্ফোরণ। তুমুল চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলায়। এবারে নির্মীয়মাণ দোকান ঘরে বোমা বিস্ফোরনে জখম হল এক শিশু। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায়। ঘটনাস্থল থেকে আরও ১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে সেই বোমা নিষ্ক্রিয় করল পুলিশ।

স্হানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার গোদা হাট এলাকায় ফিরদোশ নামে এক ব্যক্তির দোকান ঘরে প্যান্ডেল তৈরির বাঁশ মজুদ রাখা ছিল। সেই দোকান ঘরের সেল্ফে একটি প্লাস্টিকের বস্তায় বোমা মজুদ রাখা ছিল বলে অভিযোগ। সেখানে মঙ্গলবার দুপুরের পর ১০ বছরের একটি শিশু পায়রা ধরতে গিয়ে বোমা ফেটে গুরুতর ভাবে জখম হয়। বর্তমানে সে বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বুধবার সকালে তল্লাশি চালিয়ে একটি তাজা বোমা উদ্ধার করে এবং বোমাটি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা সেখানে কি কারণে বোমা মজুদ করে রেখে ছিল তা এখনও জানা যায়নি। যদিও গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন স্হানীয়রা। ঘটনার তদন্তে পুলিশ।







