Explore

Search

October 24, 2026 1:42 pm

IAS Coaching

সরকারি স্কুলগুলিতে শীঘ্রই ৪,৩৯৪ জন প্রধান শিক্ষক নিয়োগ, দাবি করলেন বাপী প্রামাণিক

#কোলকাতা: রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। মোট ৪,৩৯৪ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন এবিআরএসএম-এর রাজ্য সাধারণ সম্পাদক তথা মধ্যশিক্ষা পর্ষদের সদস্য বাপী প্রামাণিক। এদিন তিনি জানান, আসন্ন দুর্গা পূজার পরপরই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

বাপী প্রামাণিক জানান, আজ মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি পোষিত উচ্চ বিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে স্থায়ী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার অভাবের কারণে যে প্রশাসনিক সমস্যা তৈরি হচ্ছে, এই নিয়োগের ফলে তা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যের ছ’হাজারেরও বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি পোষিত উচ্চ বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বিভিন্ন শিক্ষক সংগঠন। স্কুলগুলিতে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্থায়ী নেতৃত্ব নিশ্চিত করতে দ্রুত নিয়োগের দাবি জানানো হয়েছিল।

এই প্রসঙ্গে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন ঘরাই জানান, সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। দাবিপত্র স্কুলশিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের কাছেও জমা দেওয়া হয়েছিল।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষক মহলের একাংশের আশা, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয়গুলিতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটবে এবং পঠনপাঠনের পরিবেশ আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja