#মালবাজার: আবারো রাতে দরজা ভেঙে চুরি হয়ে গেল ওদলাবাড়িতে। এতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে, ওদলাবাড়ি শহরের জাতীয় সড়কের পাশে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তম সাহা নামক এক ব্যক্তির পান ও অন্যান্য সামগ্রী দোকান রয়েছে। সোমবার রাতে ওই দোকানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যে দ্রব্য সামগ্রী চুরি হয় বলে দোকানে জানান। এনিয়ে তিনি মাল থানায় অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে উত্তম সাহা বলেন, প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।পরের দিন আবার এসে দোকান খুলি। আজ সকালে দোকানে এসে দেখি পাশের দরজা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখি জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে। পিছনের দিকে কাঠের দেওয়াল ভাঙা। আমি সিসি ক্যামেরা চেক করে দেখি, রাত দুটো নাগাদ এক ব্যক্তি ক্রান্তি রোড থেকে সোজা আমার দোকানে আসে। দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং কিছুক্ষণ বাদে পিছন দিকে কাঠের দেওয়াল ভেঙে বেরিয়ে যায়।

আমি হিসেব করে দেখেছি সিগারেট ও অন্যান্য সামগ্রী নিয়ে প্রায় ৪০০০০ টাকার জিনিসপত্র চুরি গেছে। আমি অভিযোগ জানিয়েছি। দাবি করেছি দ্রুত চোরকে ধরে আমার দোকানের সামগ্রী উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক। এইভাবে চুরি হতে থাকলে আমাদের মত ছোট ব্যবসায়ীরা পথে বসে যাবে। শুধু উত্তম সাহা নয়, আরো কয়েকজন ব্যবসায়ী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মাল থানার সূত্র থেকে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত কিনারা করার চেষ্টা করা হচ্ছে।







