#মালবাজার: মাল বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবাড়াইক মূলত রাজনীতির লোক হলেও এলাকার খেলাধুলা ও সংস্কৃতির জগতে তার যাতায়াত রয়েছে। রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান। এই কারণে বৃহস্পতিবার রাঙ্গামাটি চা বাগানের সুন্দরী লাইন শ্রমিক মহল্লায় তার বাড়িতে গিয়ে তার হাতে পুষ্পস্তবক ও স্মারক সন্মান তুলে দিলেন মালবাজার তথা ডুয়ার্সের অগ্রণী সাংস্কৃতিক সংগঠন মাল সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা।

স্মারক সম্মাননা তুলে দিয়ে সংস্থার সভাপতি প্রবীণ সংগীতশিল্পী শম্ভুনাথ দত্ত বলেন, মন্ত্রী মহাশয় আমাদের শুধু বিধায়ক নন, তিনি আমাদের অভিভাবক। গত ১০, ১১ ও ১২মে মালবাজার শহরে তিন দিন ব্যাপী রবীন্দ্র উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। ব্যস্ততার কারণে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মহাশয় উপস্থিত থাকতে পারেননি। কিন্তু, সব রকম সহযোগিতা করেছেন।

তারপর বিধানসভা অধিবেশন থাকার কারণে আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। সেজন্য আজ ওনার বাড়িতে এসেই সম্বর্ধনা দিলাম এবং উনার দীর্ঘায়ু কামনা করলাম। মন্ত্রী শ্রী চিকবারাইক বলেন, আমি ব্যক্তিগত ভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষভাবে পছন্দ করি। এজন্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করি। আমি ওনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।







