
#নিউজ ডেস্কঃ আগামী কয়েকদিন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌসম সেবা কেন্দ্র। আবহাওয়া দপ্তরের আধিকারিকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, ২১ থেকে ২৫শে জুন সমগ্র উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।

কোচবিহারে আগামী ২১, ২২ এবং ২৫শে জুন মাঝারি বৃষ্টি, ২৩ ও ২৪শে জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ২১ থেকে ২৪শে জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৫শে জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে ২১ থেকে ২৪শে জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৫শে জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, কোচবিহারে ২১শে জুন বজ্র বিদ্যুৎ সহ ঝড়, ২৪ ও ২৫শে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ২১, ২২শে জুন বজ্র বিদ্যুৎ সহ ঝড়, এবং ২৫শে জুন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে ২১শে জুন ভারী বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ সহ ঝড়, এবং ২৫শে জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, মাঝিয়ান থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ২১ থেকে ২৫শে জুন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ২৫শে জুন অনেক জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা। এই সময়ে পূর্ব দিক থেকে ঘণ্টাই ৯.০-১৫.০ কিমি/ঘণ্টা বেগে বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০-২৯.০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০-২৬.০ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

বাতাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিপ আদ্রতা ৮৬-৯০% ও ৬৮-৭১% থাকার সম্ভাবনা রয়েছে। চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, সবজি গাছে কাঠি বা ডাণ্ডা দিয়ে ঠেকনা দিন। বৃষ্টির সময়ে কীটনাশক এবং সার না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।






