#মালবাজার: মদপ্য অবস্থায় জীবনে তোয়াক্কা না করে এক মাতাল উঠে পড়লো জনস্বাস্থ্য দপ্তরের জলের রিজার্ভরের উপরে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি চাবাগান এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই পাম্প হাউজের এক কর্মী দেখতে পান এক যুবক জলের ট্যাংকের সিড়ি বেয়ে উপরে উঠছে। নিষেধ করতে করতেই ওই যুবক দিব্যি সিড়ি বেয়ে একেবারে ট্যাংকের উপর উঠে পড়ে।

উপরে ওঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। এই ঘটনা দেখে নিচে ভিড় জমে যায়। অনেকেই শোলে সিনেমার সেই দৃশ্যের কথা স্মরণ করতে থাকেন। যেখানে নায়ক ধর্মেন্দ্র ট্যাংক এর উপর উঠে ডায়লগ দিচ্ছিলেন। দুর্ঘটনা এড়াতে মালের দমকল দপ্তরে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা আসার আগেই স্থানীয় কিছু যুবক সিড়ি দিয়ে উপরে উঠে ওই যুবককে নামিয়ে আনে।

নামানোর পর দেখা যায় ওই যুবক রীতিমতো মদের নেশায় নেশাগ্রস্ত। কি কারণে ওই মাতাল জলের রিজার্ভরের উপরে উঠলো তার কোনো উত্তর পাওয়া যায় নি তার কাছ থেকে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।







