#মালবাজার: ট্রা ফিক আইনকে তোয়াক্কা না করে একটি মোটর বাইকে গভীর রাতে চারজন চেপে ফিরছিল বাড়ি। দুর্ভাগ্যবশত দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটলো দুইজনের অপর দুইজন গুরুতর জখম। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের টোল গেট এলাকায় জাতীয় সড়কের উপর। মৃত দুইজনের নাম দেব মোহালি (২০) প্রহ্লাদ মুন্ডা। তাদের বাড়ি নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চা বাগানের আপার ডিভিশনে।

জখম দুইজনের নাম রোহিত মুন্ডা (১৭) ও আশীষ লাকড়া (৩৩)। তাদেরও বাড়ি গ্রাসমোর চা বাগানে। স্থানীয় মানুষজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই চার যুবক নাগরাকাটা এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে এসেছিল। রাতের আহার শেষে চারজন একটি বাইকে চেপে বাড়ি অভিমুখে ফিরছিল। টোল গেট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়।

পুলিশ ও টোল গেট কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত সুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার দেব মাহালী ও প্রহ্লাদ মুন্ডাকে মৃত বলে ঘোষণা করে। ওপর দুইজনের আঘাত গুরুতর থাকায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার জানান, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এদিন রাতে একটি বাইকে ৪জন চেপে যাচ্ছিলেন। বাইকে দুজনের বেশি যাওয়া উচিত নয়। তাছাড়া মাথায় হেলমেট ছিল না।
ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। সবাইকে অনুরোধ করছি ট্রাফিক আইন মেনে চলুন।






