
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ওদের মুখেও স্লোগান উঠেছে ‘খেলা হবে’। এই খেলার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই। নেই কোনো দলাদলি, নেই কোনো বাছবিচার। গ্রামের ছেলেমেয়েরা ডুবে গেছে মোবাইলের অনলাইন খেলার নেশায়। তাই সেই নেশা থেকে বের করে মাঠে নামাতে এই উদ্যোগ বলে জানালেন গ্রামেরই একদল যুবকেরা। এদিন রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে গিয়ে দেখা গেল মাঠে খেলার চুড়ান্ত প্রস্তুতি চলছে খেলার মাঠে। নিজেদেরকে চ্যাম্পিয়ন করতে চলছে প্রস্তুতি।

স্থানীয় বিবিডি স্পোর্টিং ক্লাবের পক্ষে হিমাংশু শীল নামে এক যুবক বলেন, আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখছি, গ্রামগঞ্জের যুবক যুবতীরা স্মার্টফোনের নেশায় পাগল হয়ে গেছে। প্রায় সারাদিন ধরে মোবাইলে নানা ধরনের অনলাইন গেম খেলছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম খেলার মাঠকে ভুলতে বসেছে। তাই বিগত দুই বছর ধরে যুবক যুবতীদের খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছি।

ক্লাবের সদস্যরা বলে, ক্লাবের দ্বারা আয়োজিত বাৎসরিক শনি পুজোকে কেন্দ্র করে একদিন ব্যাপী পাঞ্জা লড়াই খেলা হবে রবিবার। হিমাংশু জানায়, সেই খেলায় এবারে বহু যুবক যুবতী অংশ নেবে। প্রতিবছর ফুটবল খেলা হলেও এবার পাঞ্জা লড়াই খেলা কেন, জিজ্ঞেস করলে হিমাংশু বাবু বলেন, ছেলেদের পাশাপাশি, গ্রামের মেয়েরা এই প্রথমবার মহিলারা নামবে।

এই টুর্নামেন্ট কমিটির শুভাকাঙ্খী কৌশিক ভট্টাচার্য জানান, এই গোয়ালপাড়া এলাকার স্থানীয় ছেলেমেয়েরা ভীষণ উৎসাহী। শনিবার শনি পুজোর পর রবিবার পাঞ্জা লড়াইয়ের পাশাপাশি আয়োজিত হবে একটি রক্তদান শিবির। গ্রামের নতুন প্রজন্মের যুবক যুবতীরা এতে রক্তদান করবে বলে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সোমবার ও মঙ্গলবার বিকেলে আয়োজিত হবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।






