
#রায়গঞ্জঃ আজও মসৃণ ভাবে চালু হয়নি মৃত্যু পরবর্তী দেহ ও অঙ্গদানের প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে, আগ্রহী মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়ায় অনেকে পিছিয়ে যাচ্ছেন। এমন ঘটনায়, এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , উত্তর দিনাজপুর জেলা কমিটির এক প্রতিনিধি দল দেখা করলেন রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার বাবুদের সাথে।

বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি অনিরূদ্ধ সিনহা বলেন, “মরণোত্তর দেহদান” প্রক্রিয়ার সরকারি পদ্ধতি নিয়ে আলোচনা করতে আবদুলঘাটায় রায়গঞ্জ গভরমেন্ট মেডিক্যাল কলেজের অ্যানাটমী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রুদ্রদেব ময়ূর সাথে সাক্ষাৎ করা হয়। দেহদান প্রক্রিয়া আইনসঙ্গতভাবে মসৃণ করতে নির্দিষ্ট নিয়মবিধি ডাঃ ময়ূর প্রতিনিধিদের অবহিত করেন। অত্যন্ত সদর্থক আলোচনা হয়। তিনি দেহদান / অঙ্গদান নিয়ে জনসচেতনতা বাড়াতে বিজ্ঞান মঞ্চের সহযোগিতা প্রার্থনা করেন।

জানা গেছে, ইতিমধ্যেই রায়গঞ্জের প্রায় তিন শতাধিক মানুষ এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছেন। এর মধ্যে ৫৯ জন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাছে মরণোত্তর দেহদান, অঙ্গদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছেন। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন ডাঃ দেবব্রত রায় , রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সূর্যনারায়ন চক্রবর্তী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব মন্ডল ও জেলা অনিরুদ্ধ সিনহা।







