#মালবাজার: আবারো মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত এক যুবকের মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে। এ নিয়ে মাল থানা ও হাসপাতাল সুপার এর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন মৃত রোগীর পিতা জগদীশ রায়।

অভিযোগের সূত্র ধরে জানা গেছে গত ৬ জুন মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার সেনপাড়ার বাসিন্দা রাজু রায়(২৫)৷ নামের এক যুবক পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত ডাক্তার ক্রিয়াশু রোগীর পরিবারকে জানান যে রোগী সুস্থ আছে হাসপাতালেই তার চিকিৎসা হবে। ৯ জুন তার অবস্থার অবনতি হবে রাতে মৃত্যু হয়।

এ নিয়ে জগদীশ বাবু বলেন, ভর্তি করার পর ডাক্তার বলেছিল সুস্থ স্বাভাবিক আছে। এখানে চিকিৎসা হবে। আমাদের একবারের জন্যও বলেনি যে রোগীর অবস্থা খারাপ বাইরে নিয়ে যান। সোমবার রাত্রে হঠাৎই ডাক্তার আমাকে জানায়, রোগীর অবস্থা খারাপ সি সি ইউ তে রাখা হয়েছে। তারপর খবর পাই আমার ছেলে মারা গেছে। এটা সম্পূর্ণভাবে চিকিৎসায় গাফিলতি। আমি চাই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।

এ নিয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে রোগীকে রেফার করা হয়েছিল কিন্তু পরিবারের লোকজন বাইরে নিয়ে যেতে বিলম্ব করে। এরপর পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায় এবং রোগীর মৃত্যু ঘটে। এই নিয়ে হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার সুধীর কুমার বলেন, যেকোনো রোগীর মৃত্যু মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। এটা কাম্য নয়, তবে আমরা অভ্যন্তরীণ তদন্ত করে ব্যবস্থা নেব।






