#মালবাজার: গত কয়েকদিন ধরে সিকিমের পাহাড়ি এলাকায় এবং কালিংপং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ চলছে। ডুয়ার্সেরও বিভিন্ন প্রান্তে বর্ষণ চলছে। সিকিমের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে তিস্তা নদীতে জলোচ্ছ্বাস দেখা গেছে। তার প্রভাব পড়েছে সমতলে। পাহাড় থেকে বয়ে এসে তিস্তা নদী যে এলাকায় এসে সমতলে নামে সেই গ্রামের নাম টটগাও বস্তি। মাল ব্লকের প্রত্যন্ত বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাও বস্তি তিস্তা নদীর পারে অবস্থিত। গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ ও পশু পালন তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছে এই গ্রামের মানুষ।

শনিবার সকাল থেকে তিস্তার ঘোলা জল গ্রামের ভিতর প্রবেশ করতে শুরু করে। প্রায় ৮ থেকে ১০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে.। বিপদ বুঝে বাসিন্দারা নিরাপদ জায়গায় গবাদিপশু নিয়ে সরে আসতে শুরু করেন। রবিবার বৃষ্টি না থাকায় জলস্তর নামতে শুরু করে। জল নামতেই শুরু হয়েছে নদী ভাঙ্গন। এই এলাকায় নদী বাঁধ
না থাকায় সমস্যা সৃষ্টি হয়।নদী ক্রমাগত পার ভেঙে গ্রামের দিকে চলে আসতে থাকে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য ভীমা উপাধ্যায় জানান,
গতকাল সকাল নটা নাগাদ নদীর জল গ্রামের ভিতরে ঢুকে যায়। ৮-১০ বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বিকেল পর্যন্ত ওই অবস্থায় ছিল। গভীর রাত থেকে আবার জল নামতে শুরু করে। এখন অনেকটাই নেমে গেছে। তবে জল নামলেই নদী ভাঙ্গন হয় সেটাই এখানে সমস্যা তৈরি করে।







