
#রায়গঞ্জঃ রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অভিনব ব্যবসা মেলা। আয়োজনে ছিলেন স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়ারা। ছোট ছোট হাতে তারা তৈরি করেছিল নানা ধরনের সামগ্রী—খাদ্যদ্রব্য, হস্তশিল্প, খেলনা এবং আরও অনেক কিছু। সেগুলিই বিক্রি করা হল অভিভাবক ও শিক্ষকদের কাছে।

ছাত্রছাত্রীরা শুধু বিক্রি করেই ক্ষান্ত হয়নি, প্রতিটি বিক্রয়ের পর হিসেবও রাখছিল তারা—কত খরচ, কত বিক্রি, কত লাভ বা ক্ষতি। এই মেলার মাধ্যমে বাস্তব জীবনের আর্থিক শিক্ষার প্রথম পাঠ পেয়েছে খুদেরা।

স্কুলের প্রধান শিক্ষক শান্তনু সেন জানান, “পড়ুয়ারা যেন ছোট থেকেই বাস্তব অভিজ্ঞতা পায়, তাই এই উদ্যোগ। এতে নানারকম খাবার সহ পিঠে, সরবত বানিয়ে এনেছিল। বাচ্চাদের মধ্যে যাতে ব্যবসা, হিসেব, এবং যোগাযোগ দক্ষতারও প্রাথমিক ধারণা পায়, সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়।

তৃতীয় শ্রেণির ঐন্দ্রিলা পাল, সৌম্যজিৎ পাল, সোনাই দাস, তৃষা দেব বলে, আমাদের মায়ের হাতে বানানো সবটাই বিক্রি হয়ে গেছে! এবং লাভও করেছি! স্কুল কর্তৃপক্ষের আশা, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে।







