
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বর্ষা শুরু হতেই কুলিক ফরেস্ট সংলগ্ন পুরোনো জাতীয় সড়কের কুলিক সেতুর ভয়াবহ অবস্থা আরও প্রকট হয়ে উঠেছে। খানাখন্দে ভরা সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সেতুর দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাইট ইঞ্জিনিয়ার কুমার বিকাশ দাস জানিয়েছে, নতুন সড়ক চালু হওয়ায় পুরোনো সড়কটি পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। বারোদুয়ারী থেকে রূপাহার পর্যন্ত ১২ কিমি রাস্তা সংস্কারের জন্য ৮ কোটি টাকা অনুমোদনও মিলেছে।

তবে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী বলেন, রাস্তাটি এখনও হস্তান্তর না হওয়ায় তারা কাজ শুরু করতে পারছেন না। তবে এই টানাপোড়নে সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কবে বিপদ কাটবে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।








