Explore

Search

July 10, 2026 9:35 am

IAS Coaching

কৃষক সচেতনতায় এবার রিলস বানাবে মৃত্তিকা পরীক্ষাগার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কৃষকদের মধ্যে মৃত্তিকা পরীক্ষার গুরুত্ব ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ মৃত্তিকা পরীক্ষাগার। এবার কৃষক সচেতনতায় সোশ্যাল মিডিয়ার রিলস বানানো শুরু করছে তারা। মূল লক্ষ্য, কৃষকদের আধুনিক কৃষিবিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

রায়গঞ্জ মৃত্তিকা পরীক্ষাগারের কৃষি রসায়নবিদ ড. সুব্রত ঘোষাল জানান, আমরা লক্ষ্য করেছি, জেলার অনেক কৃষক এখনও, মাটি পরীক্ষা, ফসল ভেদে জমির সঠিক সার প্রয়োগ সম্পর্কে সচেতন নন। তাই সহজ ভাষায়, আকর্ষণীয়ভাবে ভিডিও বানিয়ে সচেতনতা ছড়ানো হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব–এই প্ল্যাটফর্মে ভিডিও রিলস আপলোড করা হবে।

এই উদ্যোগে খুশি জেলার কৃষকরা। বিন্দোল গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, “আগে বুঝতেই পারতাম না, কোন জমিতে কী সার দেব। যদি মোবাইলে এসব জানতে পারি, তাহলে খুব উপকার হবে।” রিলসগুলোতে মৃত্তিকা পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার গুরুত্ব, সারের পরিমাণ, জৈবসারের ব্যবহার, ফসলের রোগ নির্ণয়, মাটি পরীক্ষার পদ্ধতি সহ বিভিন্ন তথ্য সহজভাবে তুলে ধরা হবে। প্রতি সপ্তাহে নতুন ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।

এই বিষয়ে জেলার এক কৃষি আধিকারিক জানান, “এই উদ্যোগ সফল হলে অন্য জেলাতেও চালু করা হতে পারে। কৃষি ও প্রযুক্তির এই সমন্বয়ই ভবিষ্যতের পথ দেখাবে।” উল্লেখ্য, মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে জমির পুষ্টিগত ঘাটতি নির্ণয় করে উপযুক্ত সার প্রয়োগ করলে ফসলের গুণমান ও উৎপাদন দুই-ই বাড়ে। এবার সেই বার্তা পৌঁছে যাবে ভিডিওর মাধ্যমে ঘরে ঘরে।

Advertisement
Live Cricket Score
upskillninja