
#কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ কলেজমোড় থেকে জামাদারপাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে শনিবার ভেলাই স্কুল মাঠে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই মিটিংয়ে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন । আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিবাদ সভার মাধ্যমে প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জোর দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। এরই অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলা পরিষদ ও জেলা শাসকের দপ্তরে অভিযান চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এই আন্দোলন না হলে রাস্তাটি সংস্কারের কোনো সম্ভাবনা নেই। কারণ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই রাস্তায় বর্ষার সময়ে চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় দরিমানপুরের বাসিন্দা অধ্যাপক বাপি সরেন বলেন, স্কুলপড়ুয়া থেকে শুরু করে রোগী, কৃষক, ব্যবসায়ী—সবাই এই রাস্তায় চলাচল করে থাকেন, অথচ তাদের দুর্ভোগের কোনো সদুত্তর মেলেনি। এলাকার উন্নয়নের স্বার্থে, এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের স্বস্তির জন্য, এই আন্দোলন এখন সময়ের দাবি হয়ে উঠেছে। যদিও এবিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির কারো কোনো বক্তব্য পাওয়া যায় নি।








