
#রায়গঞ্জ: গতকাল শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় রায়গঞ্জ শহরের জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে দেয়। মাত্র আধা ঘণ্টার ঝড়েই শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ে রাস্তায়, বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যায় গোটা রায়গঞ্জ শহর থেকে আশেপাশের বহু এলাকা। শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা তন্ময় দত্ত বলেন, খুব বেশিক্ষণ ঝড় হয়নি। তবে হঠাৎই ঝড় শুরু হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর আতঙ্কে ছিলাম সবাই।

ঝড়ের কারণে বেশ কিছু ঘরবাড়ির চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে দোকানের সাইনবোর্ড। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, পড়ে যাওয়া গাছ সরিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। বেশ কয়েকটি টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির নির্ধারনের কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সামনে আরও কালবৈশাখীর সম্ভাবনা থাকায় শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।








