#মালবাজার: আবারো বনদপ্তরের পাতা খাচায় আটক হল এক পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের সাইলি চা বাগানে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য চা বাগানের মত এই চা বাগানে বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উপদ্রব চলছিল। সন্ধ্যা হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল হাঁস মুরগি এমনকি গরুর বাছুরও পর্যন্ত টেনে নিয়ে যেত।

পরে সেগুলোর অর্ধ ভক্ষ দেহ এদিক ওদিক পাওয়া যেত। এটাই উদ্বিগ্ন ছিল শ্রমিকরা। চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে গত কয়েকদিন আগে ওই চা বাগানের চার নম্বর সেকশনে বনদপ্তর খাচা পাতে। খাঁচার ভেতরে ছাগলের টোপ দেওয়া হয়। শনিবার সকালে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে আটক হয়েছে চিতাবাঘ। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনকর্মীরা জানায়, চিতাবাঘটি সুস্থ আছে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে প্রাথমিক পরিচর্যার পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ওটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। চিতাবাঘ আটক হতেই শ্রমিকদের মধ্যে খানিক স্বস্তি ফিরে আসে। তবে শ্রমিকরা জানিয়েছে ওই চা বাগানে আরো চিতাবাঘ রয়েছে।








