
#রায়গঞ্জ: সোমবার অর্থাৎ ৩রা মার্চ থেকে শুরু হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বার্ষিক পদ্ধতিতে আয়োজিত হতে চলা এবারই শেষ উচ্চ মাধ্যমিক হচ্ছে পশ্চিমবঙ্গে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উত্তর দিনাজপুর জেলায় মোট ১৫টি মূল ভেনু রয়েছে। জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট ৮৪ টি।

জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৭ হাজার ৭১৩ জন, যার মধ্যে ছাত্র ১০ হাজার ৯৪২জন এবং মহিলা পরীক্ষার্থী ১৬ হাজার ৭৭১ জন। বিগত বছরের তুলনায় এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৯২৯জন। সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে একাধিক সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা।

প্রসঙ্গত উল্লেখ্য এবার থেকে প্রতি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসছে পরীক্ষার্থীদের জন্য। নকল রুখতে সতর্ক সংসদ। পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ রকমের নিষিদ্ধ করেছে সংসদ। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেন জেলার উচ্চমাধ্যমিক জয়েন্ট কনভেনার প্রসূন কুমার দত্ত।








