
#মালবাজার: মোবাইল সিমকার্ড জালিয়াতি কান্ডে জলপাইগুড়ি জেলা জুড়ে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্তের জন্য তৈরি হয়েছে স্পেশাল টিম। পুলিশের পক্ষ থেকে মানুষকে আরও বেশি সচেতন থাকতে আবেদন করা হচ্ছে”। বৃহস্পতিবার মালবাজার শহরে পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরে এসে সিম কার্ড জালিয়াতি নিয়ে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা জানান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গনপত খণ্ডবহালে।

এদিন মালবাজার থানা চত্বরে পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরে আসেন পুলিশ সুপার। সেখানে তাকে সিম কার্ড জালিয়াতি কাণ্ডের তদন্ত নিয়ে জানতে চাওয়া হলে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এটা শুধু জলপাইগুড়ি জেলা নয়, গোটা দেশব্যাপী এইরকম জালিয়াতি চলছে। একজন মানুষ একটি সিম কিনতে গেলে তার একাধিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেই ব্যক্তির নামে একাধিক সিম কার্ড বানানো হয়।

সেই দিয়ে নানান জালিয়াতি চলে। পুলিশের তদন্ত চলছে, গ্রেপ্তার হয়েছে। তবে মানুষের কাছে আবেদন তারা যেন সচেতন থাকেন। মোবাইল সিমকার্ড কেনার সময় অবশ্য ভাবেই দোকানীকে বলা কেন সে একাধিক ফিঙ্গারপ্রিন্ট না নেয়। আধার কার্ড এবং অন্যান্য নথির ঠিক ব্যবহার করে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে জেলার অন্যতম চাঞ্চল্যকর খবর মোবাইল সিম জালিয়াতি।








