#মালবাজার: চা বাগানের জমি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষিত নীতির বিরুদ্ধে রাস্তায় নামার আওয়াজ দিলেন গোর্খা আদিবাসী যৌথ কমিটি। সম্প্রতি মুখ্যমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিটে চা বাগানের ৩০ শতাংশ জমি টি- ট্যুরিজমের জন্য ফ্রি – হোল্ড করার কথা ঘোষণা করেছেন। অনেকেই এই ঘোষণা কে স্বাগত জানালেও আদিবাসী বিকাশ পরিষদ ইতিমধ্যেই এর প্রতিবাদ জানিয়েছে।

বুধবার বাগড়াকোটে গোর্খা আদিবাসী সংযুক্ত কমিটি এক বৈঠক হয়।বাগরাকোটে সংগঠনের সভাপতি সঘন মোক্তানের বাড়িতে হাজির হন মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া, বিশিষ্ট আদিবাসী নেতা চন্দন লোহারা সহ কয়েকজন। তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক শেষে সঘন মোক্তান জানান, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী চা বাগানের ৩০ শতাংশ জমি টি ট্যুরিজমের জন্য ফ্রি হোল্ড ঘোষণা করেছেন। আমরা এই ঘোষণা মানছি না। তীব্র বিরোধিতা করছি।

চা বাগানের মাটিতে গোরখা ও আদিবাসীরা পুরুষানুক্রমিক বসবাস করে আসছে। এই জমিতে তাদের অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘটনা কার্যকর হলে সমস্যায় পড়বে চা বাগানের শ্রমিকরা। শুধু তাই নয়, চা বাগানের শ্রমিকদের পাঁচ ডেসিমেল করে যে পাট্টা দেওয়া হয়েছে আমরা তারও বিরোধিতা করছি। ইতিমধ্যেই আমরা লিখিত ভাবে প্রতিবাদ জানিয়েছি। আমাদের দাবি নামানো হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব।








