#মালবাজার: দায়িত্ব পেয়ে ধাপে ধাপে সমস্যা মিটিয়ে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। সোমবার মাল মহকুমাশাসক শুভম কুন্ডাল চেয়ারম্যান হিসেবে উৎপল ভাদুড়ীকে শপথ বাক্য পাঠ করান। সরকারিভাবে চেয়ারম্যান বিশেষণ তার নামের আগে যুক্ত হয়। দায়িত্ব পেয়ে সোমবার সন্ধ্যায় মুখোমুখি বসে জানালেন তার আগামী দিনের কর্মসূচি এবং পৌরসভার কাজকর্ম সম্পর্কে।

তাকে প্রশ্ন করা হয়েছিল সমস্যা জর্জরিত এক পৌরসভা দায়িত্ব তিনি কিভাবে সামলাবেন?
বহু পাওনাদার টাকার জন্য পৌরসভার দিকে তাকিয়ে রয়েছেন, শহরের পার্কিং সমস্যা, যানজট, আবাস যোজনার ঘর নিয়ে সমস্যা, নির্মাণ কয়েকটি প্রকল্প মাঝপথে থেমে আছে। এইরকম নানা সমস্যা পৌরসভাকে ঘিরে রেখেছে। পাশাপাশি রয়েছে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের উপদলীয় কোন্দল।
কিভাবে এইসব সমস্যা মোকাবিলা করবেন?

প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ১৫ বছর ধরে এই পৌরসভার কাউন্সিলার হিসেবে রয়েছি। দ্রুত বোর্ড মিটিং ডেকে হাউসিং ফর অল প্রকল্পে ২০১৬ সব থেকে যে সমস্ত ঘর বকেয়া রয়েছে বা অর্ধ সমাপ্ত রয়েছে সেগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে। বাইরে থেকে আসা মানুষদের গাড়ি পার্কিং করার সমস্যা হয়। জায়গা খুঁজে পার্কিং জোন তৈরি করা হবে। জাতীয় সড়কের পাশে ফুটপাত পুলিশের সাহায্য নিয়ে আস্তে আস্তে মুক্ত করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

শহরে জায়গার সমস্যা আছে, জেলা পরিষদ এবং ভূমি রাজস্ব দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে সমস্যা মেটানো যায় তার চেষ্টা করা হবে। অডিটোরিয়াম, সুইমিং পুল সহ যেসব প্রকল্প অর্ধ সমাপ্ত রয়েছে এগুলোকে দ্রুত রুপায়নের উদ্যোগ নেয়া হয়। কলকাতায় গিয়ে নগর উন্নয়ন দপ্তরে কথা বলে কিভাবে বকেয়া মেটানো যায় তার চেষ্টা করব।

আমার বিশ্বাস আছে পৌর সদস্য ও কর্মীরা আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করবেন। সবার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে সমস্যা মেটানো হবে এবং পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে”। দায়িত্ব পেয়ে এভাবেই তার পরিকল্পনার কথা জানান Html ঘোষিত মাল পৌর প্রধান উৎপল ভাদুড়ি।






