
#মালবাজার: টি- ট্যুরিজম নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলো অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তির্কী ক্ষোভ প্রকাশ করে বলেন, চা বাগানের মাটিতে আমাদের শরীরের রক্ত ও ঘাম মিশে আছে, আমাদের শ্রমের জন্য মালিকদের মুনাফা হয়। সেই জমিতে টি ট্যুরিজম হলে শ্রমিকদের কোন লাভ হবে না। তারাই ডুয়ার্সে নতুন শিল্প অবশ্যই প্রয়োজন, তবে চা বাগান ধ্বংস করে কোন শিল্প তৈরি করতে চাইছে এই সরকার, তা নিয়ে আমরাও চিন্তিত।

রবিবার মালবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস চত্বরে পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইবাল বোর্ডের অফিসের কনফারেন্স হলে একটি বৈঠক করে বিকাশ পরিষদ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার পরিষদ নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী সময়ের বিভিন্ন আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। বিরসা তির্কী ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সভাপতি রাজু বাড়া, দার্জিলিং জেলার জুনাস কেরকেট্টা, জলপাইগুড়ি জেলা সভাপতি অমরদান বাকলা সহ বিকাশ পরিষদের রাজ্য কমিটির সহ সভাপতি শুক্রা মুন্ডা।









