
#মালবাজার: আবারো বনাঞ্চলের পথে চলন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটলো বাইসনের। এতেই উদ্বিগ্ন বন কর্মী থেকে পরিবেশ প্রেমীরা। বনের পথে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি উঠলো। বনকর্মীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চাপরামারি বনাঞ্চলের পথে খুনিয়া মোর সংলগ্ন এলাকায় তিনটি বাইসান জাতীয় সড়ক পারাপার করছিল। সেই সময় নাখরাকাটার দিক থেকে একটি মারুতি ভ্যান জাতীয় সড়ক ধরে চালসা অভিমুখে আসছিল।

দুটি বাইসন রাস্তা পেরিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেও দ্বিতীয় বাইসনটির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপরে ছিটকে পড়ে বাইসনটি ছটফট করতে করতে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন কর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। তারা বাইসন টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় এবং গাড়িটিকে আটক করে। জানা গেছে, বাইসনটি প্রাপ্তবয়স্ক এবং পুরুষ।

স্থানীয় এক পরিবেশ প্রাণী জানান, জঙ্গলের রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা উচিত। পাশাপাশি আশপাশ দেখে গাড়ি চালানো উচিত। চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, বনের পথে বন বিভাগের বিজ্ঞপ্তি জারি করা বোর্ড রয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণের কথা লেখা রয়েছে। তারপরেও গাড়ি চালকরা গতি নিয়ন্ত্রণ করেন না ফলে এ জাতীয় মর্মান্তিক ঘটনা ঘটে। বিধি নিষেধ আরো করা উচিত।








