#মালবাজার: আবারো বনাঞ্চলের পথে বুন হাতির আক্রমণে গুরুতর জখম হল এক বাইক আরোহী। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে গরু মারা অভয়ারণ্যের মাঝে চালসা – ময়নাগুড়ি জাতীয় সড়কে। জানা গেছে, এদিন বিকাল তিনটে নাগাদ মেটেলি ব্লকে শালবাড়ি মোড় এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী শুক্রো মহহহ্মদ(৫৫) বাইকে চেপে চালশা থেকে বনাঞ্চলের পথ ধরে লাটাগুড়ি অভিমুখে যাচ্ছিল।

বনের মাঝে মহাকাল ধাম পেরিয়ে খানিক এগোনোর পর হঠাৎ করে রাস্তার উপর এক বুনো হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে আক্রমণ করে। এই ঘটনা দূর থেকে লক্ষ্য করেন টুরিস্ট বন্ধু পুলিশ আধিকারিক সুরজিৎ মল্লিক। তিনি দ্রুত হর্ন বাজিয়ে ঘটনাস্থলে কাছাকাছি যান এবং গাড়ি শব্দ বাড়িয়ে দেন। এতেই হাতিটি আবার বনের ভিতর প্রবেশ করে।

গুরুতর জখম অবস্থায় ওই ক্ষুদ্র ব্যবসায়ীকে পুলিশ আধিকারিক সুরজিৎ মল্লিক দ্রুত নিয়ে আসেন মঙ্গলবাড়ী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।








