
#মালবাজার: মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় বুধবার শুরু হলো জেলা স্তরের ইন্টার কলেজ স্পোর্টস এবং গেমস প্রতিযোগিতা। এদিন মশাল জ্বালিয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক।উপস্থিত ছিলেন মাল পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল অর্ণব সান্যাল, কলেজের প্রিন্সিপাল কার্তিক দে সহ অন্যান্যরা।

আয়োজকদের সূত্র থেকে জানা গেছে ১২ টি কলেজ থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। । আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন কলেজের দল অংশ গ্রহণ করেছে এই খেলায়। এদিন ১০৫ জন প্রতিযোগী দৌড়, হাইজাম্প, লং জাম্পে অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার ও শুক্রবার হবে ফুটবল ও খো-খো প্রতিযোগিতা।

সেখানে প্রায় ১৪৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে। মোট ২০ টি প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করবে। এই প্রথম মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে জেলা ক্রীড়ার এত বড় আয়োজন করা হলো। তবে এদিন এই প্রতিযোগিতার আসরে পরিমল মিত্র স্মৃতি বিদ্যালয় পড়ুয়াদের উপস্থিতি কম ছিল। এজন্যে উদ্বোধক মন্ত্রী বুলু চিকবরাইক খানিকটা উষ্মা প্রকাশ করেন।








