
#রায়গঞ্জঃ মহাজাগতিক এক বিরল দৃশ্য দেখতে সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ। পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ কেন্দ্রের উদ্যোগে রায়গঞ্জ রেলস্টেশনের পূর্ব দিকে এই ঘটনার সাক্ষী হতে উপস্থিত হন তারা। সংগঠনের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী বলেন, জ্যোতির্বিজ্ঞানে এমন ঘটনাকে গ্রহদের প্যারেড বলে। একই সরলরেখায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ৬-৭ টি গ্রহ। বাস্তবে গ্রহগুলির একে অপরের অবস্থান কয়েক লক্ষ কোটি কিলোমিটার হলেও পৃথিবী থেকে তাদের অবস্থান একটি সরলরেখা বলে মনে হয়, যা গ্রহের প্যারেড নামেই পরিচিত। জানুয়ারি ছাড়াও পরের মার্চ মাসেও এমন ঘটনা আবারও খালি চোখে দেখা যাবে।

কোন কোন গ্রহ দেখা যাচ্ছে, জানতে চাইলে জেলা সভাপতি অনিরূদ্ধ সিনহা বলেন, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শুক্র এবং শনি। এর মধ্যে ইউরেনাস ও নেপচুন দেখতে টেলিস্কোপ লাগবে। বাকি গুলো খালি চোখে দেখা যাচ্ছে। এমন বিরল দৃশ্য দেখে সবচেয়ে খুশি স্কুল পড়ুয়ারা। বন্দিতা দাস নামে এক স্কুল পড়ুয়া বলে, এ যেন লাইন দিয়ে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই গ্রহ গুলোর সাথে আরও অনেক নক্ষত্র মন্ডল চিনলাম।









