#মালবাজার: মাদক মেশানো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বিয়ের আগেই নাগরাকাটা ব্লকের পাটোয়ারী পাড়ায় সর্বস্ব চুরি হয়ে গেল মেয়ের বাড়িতে। এঘটনায় বিপাকে পড়ে গিয়েছে মেয়ের পরিবার।সোনার অলংকার ও নগদ টাকা সহ মোট ১৩ লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ায় গোটা এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী আব্দুল সামাদের কন্যা নাসিম পারভিন পারভীনের আগামী ২ ফেব্রুয়ারী বিয়ে ঠিক হয় ময়নাগুড়ির সাপটি বাড়িতে।

আর সেকারণেই পেশায় ব্যবসায়ী আব্দুল সামাদ কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে নগদ টাকা জমিয়ে সোনার অলংকার কিনেছিলেন। পাচ লক্ষ টাকার অলংকার কিনেছিলেন। বাড়িতে ছিল নগদ আট লক্ষ টাকা। এদিকে গত রবিবার দুপুরে খাবার খাওয়ার পর পরিবারের সকলেই ঘুমে ঢলে পড়ে। রাতে মিলাদ নামক একটি অনুষ্ঠান থাকায় দুই একজন ছাড়া বাকি সকলেই ঘুমিয়ে পড়ে।

মিলাদ অনুষ্ঠান শেষে বাকিরাও গভীর ঘুমে ঢলে পড়ে। স্থানীয়দের অনুমান খাবারের সঙ্গে মাদক খাইয়ে চোরের দল এই কান্ড ঘটিয়েছে। এরপরই সকালে উঠে দেখে বাড়ির সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। এদিকে বিয়ের প্যান্ডেলের কাজও শুরু হয়ে গিয়েছে। মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য বায়না দেওয়া হয়ে গিয়েছে। সামনে ২ ফেব্রুয়ারী বিয়ে।সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় আব্দুল সামাদের মাথায় হাত পড়ে গিয়েছে। যদিও পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।








