#মালবাজার: আদিবাসী এক পরিবারের জমিতে বেআইনি ভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাট সেড নির্মাণ নিয়ে প্রতিবাদে সোচ্চার হল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে আন্দোলনে নামার কথা জানালেন সংগঠনের নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের মাল ব্লক কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য বাবলু মাঝি অভিযোগ করে বলেন, মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডে জনৈক কালি ওরাও নামের এক আদিবাসী ব্যক্তির জমি রয়েছে।

বর্তমানে তাদের উত্তরাধিকারীরা আছেন। ওই জমিতে পৌরসভার উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বদান্যতায় হাট ব্যবসায়ীদের জন্য একটি ভবন নির্মাণ হচ্ছে। কিন্তু, জমির মালিকদের এ বিষয়ে অবগত করা হয়নি এবং কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ওই পরিবারে সদস্যরা আমাদের কাছে এলে আমরা গত ৮ জানুয়ারি মহকুমা শাসক, ভূমি রাজস্ব দপ্তর সহ বিভিন্ন মহলে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু, কোন প্রতিবিধান হয়নি উল্টো নির্মাণ কার্য চলছে।

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন ব্যবস্থা না হলে বা ঐ আদিবাসী পরিবার ক্ষতিপূরণ না পেলে আগামী ২৮ জানুয়ারি মহকুমা শাসকের দপ্তর ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও করা হবে। বিচার না পেলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামা হবে। এ নিয়ে মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড কমিটি সেক্রেটারি তথা হিন্দি প্রকষ্ঠের নেতা রমেশ গিরি জানান, আমরা এই এলাকায় প্রায় ৪৫ বছর যাবত বসবাস করছি। আমরা দেখেছি ওই জমি ফাঁকাই পড়েছিল।

তার পাশে কিছু আদিবাসী পরিবার বাস করত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কাজের জন্য প্রস্তাব এলে পৌরসভা জমি জরিপ করে ওই জমির উপরে পাইকারি ব্যবসায়ীদের জন্য ১ কোটি ৩২ লক্ষ টাকায় একটি ভবন ও সেড নির্মাণের উদ্যোগ নেয়। চার মাস যাবত নির্মাণ কাজ চলছে। এটা সম্পূর্ণ হলে বাজারে যানজট কমবে পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা হবে। নির্মাণ কার্য শুরুর আগে যদি এজাতীয় অভিযোগ করা হতো তাহলে অন্য কথা ছিল। এখন নির্মাণ কাজ বন্ধ করা সম্ভব নয়। গত বেশ কিছুদিন যাবৎ এই জমি নিয়ে পরস্পর চাপানউতর চলছে। দেখা যাক আগামী দিনে কি হয়?







