#মালবাজার: চা বাগান কর্তৃপক্ষ গত শুক্রবার কথা দিয়েছিল,সোমবার বকেয়া মজুরি মিটিয়ে দেবে। কিন্তু, সোমবার বিকেল পর্যন্ত মজুরি না পেয়ে মঙ্গলবার সকাল থেকে কাজে লাগিয়ে বিক্ষোভে শামিল হল ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ী চা বাগানের প্রায় ৭০০শ্রমিক। বিক্ষোভ রত শ্রমিকরা জানায়,গত ২২ ডিসেম্বর একটি মজুর দেওয়ার কথা ছিল তারপর গত ৯ জানুয়ারি আরো একটি পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল।

কিন্তু, চা বাগান কর্তৃপক্ষ মজুরি দিতে পারে নাই। পরপর দুটি পাক্ষিক মজুরি না পেয়ে গত শুক্রবার শ্রমিকরা সকাল থেকে কারখানা গেটের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘন্টা দুই বিক্ষোভ চলার পথ ম্যানেজার কথা দিয়েছিল সোমবার অবশ্যই মজুরি দিয়ে দেবে। কিন্তু, সোমবার শ্রমিকরা মজুরি পায়নি বাধ্য হয়ে আজ বিক্ষোভে শামিল হয়েছে। এদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত বিক্ষোভ চলার পথ চা বাগান কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন আগামী শনিবার ১৮ই জানুয়ারি একটি মজুরি অবশ্যই দেয়া হবে। ম্যানেজারের প্রতিশ্রুতি পেয়ে শ্রমিকরা আবার কাজে যোগ দেয়।

চা বাগানের শ্রমিক বিষ্ণু ওরাও জানায়, এই চা বাগান কর্তৃপক্ষ গত কয়েক বছর যাবত ভালো ভাবে বাগান চালাচ্ছিল। কিন্তু, দুটি পাক্ষিক মজুরি কথামতো দিতে পারেনি। শ্রমিকদের সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে। এজন্যেই সবাই বিক্ষোভে শামিল হয়েছে। চা বাগানের ম্যানেজার পবন ছেত্রী জানান, আর্থিকভাবে আমাদের কিছু সমস্যা চলছে তাই সময় মত মজুরি দেওয়া সম্ভব হয়নি। আগামী ১৮ জানুয়ারি অবশ্যই একটি মজুরি দেওয়া হবে।








