#মালবাজার: বেপরোয়া এক ডাম্পারের ধাক্কায় ভাঙলো পুরসভার সীমানার একটি অংশ। দাঁড়িয়ে থাকা পানীয় জলের ট্যাংক উলটে পড়ল। চালক সামান্য আহত থাকলেও দুর্ঘটনার পর পালিয়ে যায় সে। ঘটনাটি ঘটেছে মাল পৌরসভার সামনে ১৭ নম্বর জাতীয় সড়কে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রায় পৌনে তিনটা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙ্গে পুরসভার নৈশপ্রহরী তাসলিম আলি সিদ্দিকীর।

তাসলিম পুরসভার বাইরে এসে দেখেন পুরসভার বাইরে স্বামী বিবেকানন্দের মূর্তিকে ঘিরে রাখা লোহার রেলিং ভেঙে ঢুকে গেছে একটি ডাম্পার। ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো একটি বিদ্যুতের খুঁটি। রাস্তায় উলটে পড়ে আছে পৌরসভার পানীয় জলের টাংক। দুর্ঘটনার পর ডাম্পারের উইন্ড স্ক্রিন খুলে পরে। ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। উল্লেখ্য, রবিবার এখানেই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করার কথা মাল পুরসভার।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের চোখে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির দুর্ঘটনা হয়। নাইট গার্ড সিদ্দিকী জানান, রাত তখন তিনটা প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায়। উঠে বাইরে বেরিয়ে এসে দেখি বিবেকানন্দ স্ট্যাচুর সামনে প্রাচীর ভেঙে ঢুকে গেছে এক ডাম্পার জলের ট্যাংক মাঝ রাস্তায় উল্টে আছে। এরপর সবাইকে ফোন করে খবর দেই।

মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরি জানান, সমগ্র ঘটনা আমরা পৌরসভার পক্ষ থেকে পুলিশ এবং সংশ্লিষ্ট মহলে জানিয়েছি। এখানেই আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠান আছে সেটা স্বাভাবিক নিয়মে হবে।
জানা গেছে, ডাম্পারটি আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার এক মালিকের। পন্য খালি করে ফিরছিল।







