#মালবাজার: আফগান নাগরিকদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদান নিয়ে প্রশ্নের মুখে মাল পৌরসভা।শহর জুড়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। অবশেষে মঙ্গলবার মাল পৌরসভার জন্ম-মৃত্যু বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মী প্রসঞ্জিৎ দত্তের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে মাল থানায় এজাহার করা হলো। প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগে দিল্লি পুলিশের হাতে ছয়জন আফগান নাগরিক গ্রেপ্তার হয়।

তাদের পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র যাচাই করার সময় দেখা যায় তাদের জন্ম শংসা পত্র ডুয়ার্সের মাল পৌরসভা থেকে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের আত্মীয়স্বজন মিলিয়ে ১৫ জনের জন্ম-মৃত্যু শংসাপত্র মাল পৌরসভা থেকে দেওয়া হয়েছে। এনিয়ে গত ৮ নভেম্বর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মাল পৌরসভা এবং জন্ম-মৃত্যু বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মী প্রশঞ্জিৎ দত্তের কাছে চিঠি দিয়ে জানতে চায় যে কিসের ভিত্তিতে ওই ১৫ জনের শংসাপত্র দেওয়া হয়েছে।

যদিও পৌরসভা সেই চিঠি প্রাপ্তি অস্বীকার করে। পরে আবার ৫ ডিসেম্বর একই ভাবে সিবিআই চিঠি দেয়। এরপর পৌরসভা নড়েচড়ে বসে এবং সব নথিপত্র জমা করতে প্রশেনজিত দত্তকে লিখিত জানায় পৌরসভা। এনিয়ে মঙ্গলবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আমাদের কাছে যেসব নথিপত্র ছিল তা সিবিআই দপ্তরে জমা দেওয়া হয়েছে। তারা আরও কিছু চাইলে দেওয়া হবে। তবে জন্ম-মৃত্যু বিভাগের কর্মীকে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব তিনি দেননি।

এরপর জানাযায়, পৌরসভার পক্ষ প্রশেনজিৎ দত্তের বিরুদ্ধে মাল থানায় এজাহার করা হয়।
এনিয়ে মাল থানার আইসি সমীর তামাং বলেন, অভিযোগ হয়েছে তাকে খোজা হচ্ছে। এই ঘটনায় শহর সোরগোল পড়েছে। সোচ্চার বিরোধী রা। বিজেপি টাউন মন্ডল সভাপতি নবীন সাহা বলেন, খুবই খারাপ কাজ হয়েছে। যারা এর সঙ্গে জরিত তাদের কোমরে দড়ি দেওয়া দরকার।








