#মালবাজার: ডুয়ার্সের বিভিন্ন জায়গায় শীতকাল শুরু হতেই সকাল সন্ধ্যা কিংবা রাত জঙ্গল থেকে বন্যপ্রাণীরা ক্রমশ খাবারের সন্ধানে গ্রামে-গঞ্জে ঢুকে পড়ছে। এভাবেই মঙ্গলবার সাতসকালে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বেদগুড়ী চা বাগান সংলগ্ন এলাকায় চা বাগানের শ্রমিকেরা কাজের সময় হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি বুনো হাতি।

বুনো হাতি দেখে সকলেই চিৎকার চেঁচামেচি শুরু করে এবং খবর চাউর হতেই নিমিষেই প্রচুর মানুষ হাতেটিকে দেখতে ছুটে আসে পার্শ্ববতী গ্রাম থেকে। চা বাগানের শ্রমিকেরা বুনো হাতির ভয়ে কাজ করতে পারছে না কিছু সময়ের জন্য শ্রমিকরা কাজ বন্ধ করে নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় থাকে। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যায় বনকর্মীরা।

তবে মানুষের ভিড়ের কারণে হাতিটিকে সঠিকভাবে জঙ্গলমুখী করাতে পারছিল না বলে বন বিভাগের কর্মীরা জানায়। সাময়িক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই এলাকায়। এছাড়াও হাতিটি মানুষের ভিড়ের কারণে চা বাগানের চারিদিকে ছুটাছুটি করতে দেখা যায়।পরবর্তীতে বন কর্মীরা কোনরকম হাতিটিকে জঙ্গলমুখী করাতে সক্ষম হয়। স্বস্তি ফেরে শ্রমিকদের মধ্যে।








