#মালবাজার: বাংলা আবাস যোজনার ঘরের প্রাপকের তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে মাটিয়ালি বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো কিছু জনগণ। আজ মাটিয়ালি বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালসা আলী হোসেন পাড়া, স্কুল পাড়া, মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন এলাকার কিছু জনগণ ওই বিক্ষোভ প্রদর্শন করে। এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করে তারা যায় বিডিও অফিসে।

বিডিও অফিসের গেটে আগের থেকেই থাকা মেটেলি থানার পুলিশ তাদের আটকে দেয়। পরে কয়েকজন গিয়ে জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইতের সাথে দেখা করে দাবির কথা জানায়। গফিরুউদ্দিন রহমান নামে এক অভিযোগকারী বলেন, বাংলা আবাস যোজনার প্রাপকের তালিকায় নাম ছিল, বাড়িতে গিয়ে সার্ভেও করা হয়। কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে সেই নাম কেটে দেওয়া হয়েছে। অনেক গরিব মানুষের নাম সেই তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

চূড়ান্ত তালিকায় বেশ কিছু বিত্তশালী লোকের নামও রয়েছে বলে এদিন তারাও অভিযোগ করেন। অবিলম্বে নুতুন করে সার্ভে করে প্রকৃত দুস্থ ব্যক্তিদের বাংলা আবাস যোজনার ঘর প্রদানের দাবি জানানো হয় এদিন। পরে জয়েন্ট ভিডিওর সাথে কথা বলার পর বিক্ষোভকারীরা বিডিও অফিস থেকে চলে যান। জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত বলেন, এদিন বাংলা আবাস যোজনা নিয়ে বেশ কিছু অভিযোগের কথা তারা জানিয়েছেন। আগামীতে নতুন করে সার্ভে করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








