
#রায়গঞ্জঃ মঙ্গলবার রাতে রায়গঞ্জের বারদুয়ারী হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হল একটি এশিয়ান পাম সিভিট ক্যাট যেটাকে বাংলায় গন্ধগোকুল বা অনেকে ভাম বিড়াল বলে। উদ্ধারকারী দলের পক্ষে গৌতম তান্তিয়া জানান, এই সিভিট ক্যাট টিকে একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাচার বা বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্তপ্রায় সিবিট কার্ডটিকে নিয়ে এসেছিল।

আমাদের সদস্য ধীরাজ হালদার বারদুয়ারী এলাকায় এক ব্যক্তির কাছে প্রথমে এই সিভিট ক্যাটটিকে দেখতে পায়। সে যখন লোকটিকে বলে যে তুমি কেন এই বন্যপ্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছো লোকটি তখন বলে যে সে বারোশো টাকায় এটা বিক্রি করবে। ধীরাজ হালদার লোকটিকে সেই সিভিট ক্যাট টিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়ার কথা বললে লোকটি তাকে গালিগালাজ করে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে।

খবর পেয়ে সদস্যরা বারদুয়ারী হাটে পৌঁছে যায়। সংস্থার গাড়ি দেখেই লোকটি সিভিট ক্যাট টিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সংসার সদস্যরা তখন তার পিছু ধাওয়া করে। প্রচুর লোকের ভিড়ও জমে যায় সেখানে। বেগতিক দেখে লোকটি তখন খাঁচাটি ফেলে দিয়ে পালিয়ে যায়। উদ্ধার করা এই গন্ধগোকুল টিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হচ্ছে। বনদপ্তর তার যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে। এশিয়ান পাম সিভিট ক্যাট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় সিডিউল ২ এর অন্তর্ভুক্ত একটি প্রাণী। বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে।








