Explore

Search

July 11, 2026 3:17 pm

IAS Coaching

চিতার পর হাতির দল হাজির মানাবাড়ি চাবাগানে, উদ্বিগ্ন ছটপূজার আয়োজকেরা

#মালবাজার: মাত্র কয়েক দিন আগে তিনটি চিতাবাঘ দেখা গিয়েছিল ডুয়ার্সের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানাবাড়ি চাবাগানের ১৪ নম্বর সেকসনে। একটি চিতাবাঘ তো মানুষের তাড়া খেয়ে গাছে উঠে বসেছিল। সেই ১৪ নম্বর সেকসনে বুধবার সাতসকালে হাজির ১০ টি হাতির একটি দল। শ্রমিকরা জানায়, সকালে পাতা তোলার কাজে এসে তারা হাতির দলটিকে দেখতে পায়। পরে হাতির দলটি সরে গিয়ে পাশের ঝোপের ধারে দাঁড়িয়ে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা। তারা হাতির দলটির উপর নজরদারী শুরু করে। মানাবাড়ি চাবাগানের পুর্ব দিকে বয়ে গেছে চেল নদী ও পশ্চিম দিকে বয়ে গেছে ঘিস নদী। মাঝে রয়েছে আন্দাঝোড়া। ছটপুজা উপলক্ষে প্রতিটি নদীর ঘাট সাজানো হয়েছে। তারমধ্যে হাতির প্রিয় কলাগাছও আছে। চাবাগানের পাশেই আছে ওদলাবাড়ি বাজার। গত রবিবার রাতে একটি বুনো হাতি বাজার এলাকায় চলে এসে একজনকে আহত করে। এই রকম পরিবেশে ছটপুজার আয়োজকেরা বেশ উদ্বিগ্ন।
ওদলাবাড়ি ডিপো পাড়ার এক ব্রতী জানান, আমরা আন্দাঝোড়ার ঘাটে সন্ধ্যার অর্ঘ্য দেই। আবার পরদিন ভোরে এসে সুর্য প্রনাম করি। শুনলাম পাশের মানাবাড়ি চাবাগানে একটি হাতির দল আটকে আছে। সন্ধ্যা নাগাদ যদি এদিকে চলে আসে তবে সমস্যা হবে। বন বিভাগ যেন বিশেষ নজর রাখে। চেলনদীর ঘাটের এক আয়োজক জানান, রাতে হাতির দল চলে এলে সমস্যা হবে। বনকর্মীদের বিশেষ নজর রাখা উচিত।
মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বিট অফিসার নিতাই দাস জানান, মাল ও মেটেলি এলাকার ২৬টি ঘাট আমাদের এলাকায় পড়ে। প্রতিটি ঘাটেই আমাদের বিশেষ নজর থাকবে। মোবাইল ভ্যান টহলকারীর কাজ করবে। তবে এদিন বিকাল পর্যন্ত হাতির দলটিকে মানাবাড়ি চাবাগানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বনকর্মীরা জানিয়েছেন, সন্ধ্যার আগেই ড্রাইভ করে বনে ফেরত পাঠানো হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja