
#মালবাজার: নাগরাকাটা কান্ডে পুলিশ ও প্রশাসনের উপর আস্থা রাখতে বিশেষ ভাবে অনুরোধ জানালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডেবাহালে উমেশ গনপত। শনিবার সকালে নাগরাকাটা থানায় এক সাংবাদিক সন্মেলন করে পুলিশ সুপার বলেন, তদন্তের প্রক্রিয়া সঠিক পথে চলছে। সুনির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। দ্রুত চারসিট সাবমিট করার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি পুলিশের উপর আস্থা রাখুন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকালে নাগরাকাটা এলাকায় সুখানী ঝোড়ার জলে এক যুবতীর দেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে জানা যায় ওই যুবতীর বাড়ি পাশের ভগতপুর চাবাগানে। সে চম্পাগুড়ি এলাকার এক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। ওই দিনই মৃতার পরিবারের পক্ষ থেকে নাগরাকাটা থানায় এজাহার করা হয়। এজাহারের ভিত্তিতে পুলিশ এক যুবকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার পর দোষী ব্যাক্তির উপযুক্ত শাস্তি চেয়ে একাধিক সংগঠন সরব হয়।

গত শুক্রবার এই ঘটনার প্রতিবাদে ৮- ১০ টি আদিবাসী সংগঠন নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে একত্রিত হয়ে দোষী ব্যাক্তির কঠোর শাস্তি চেয়ে সরব হয় এবং তদন্ত দ্রুত করার দাবি নিয়ে আন্দোলনে নামার কথা জানায়। আদিবাসী বিকাশ পরিষদের জেলা সম্পাদক বাবলু মাঝি জানান, ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট যেটা মৃতার পরিবারের হাতে এসেছে তার থেকে দেখা যাচ্ছে। ওই মেয়েটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ধর্ষণের বিষয় গুরুত্ব নেই।তাছাড়া আদিবাসী এক্রোসিটি অ্যাক্ট প্রয়োগ হয়নি।

আমরা দোষীর ফাঁসির সাজা চাইছি। শুক্রবারই ওই সভা থেকে মেয়েটিকে ডুয়ার্স কন্যা আখ্যা দিয়ে ডুয়ার্স কন্যা কো-অর্ডিনেশন কমিটি নামে একটি কমিটি গঠন করে আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ঘটনার পর পুলিশ সুপার শনিবার সকাল ১১টা নাগাদ পুলিশ সুপার সাংবাদিক সন্মেলন করে তদন্তের আনুপুর্বিক বিবরণ দিয়ে বলেন, এটা মর্মান্তিক দুখ:জনক ঘটনা। প্রথমেই এজাহার অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা করা হয়। পরে জানাযায় মেয়েটি আদিবাসী সমাজের।

সেইমত তার আধার কার্ড ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয়। পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়। সুনির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। চারসিট গঠন চলছে। এই পরিস্থিতিতে সবাইকে বলছি পুলিশের উপর ভরসা রাখুন দোষী শাস্তি পাবে”। জানাগেছে, এই ঘটনায় গোটা ডুয়ার্সে আদিবাসী সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের পুলিশের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।






