#মালবাজার: ডুয়ার্সের রাস্তায় পথ দুর্ঘটনার যেন বিরাম নেই। গতকাল ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় জাতীয় সড়কে পর পর দুটি দুর্ঘটনায় এক টোটো চালক ও এক যুবকের মৃত্যু হয়েছিল। ২৪ ঘন্টা পার হতে না হতেই বুধবার সকাল ৯ টা নাগাদ জলপাইগুড়ি জেলা লাগোয়া কালিম্পং জেলার মংপং ফাঁড়ি এলাকায় রংঢং ঝোড়ার কাছে জাতীয় সরকের উপর বাইক ও ট্রাকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতদের নাম সরোজ ছেত্রী (২১) প্রিতম রাই (২০)। তাদের বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও হাসিমারা এলাকায়। পুলিশ, এম্বুলেন্স চালক ও পরিবার সুত্রে জানা গেছে, ওই দুই যুবক ভাইটিকা নিতে নেপালে গিয়েছিল। বুধবার সকালে নেপাল থেকে বাইকে চেপে বাড়ি অভিমুখে ফিরছিলো। রংঢং ঝোড়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়।

খবর পেয়ে মংপং ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দুই জনকে মৃত বলে ঘোষণা করে।এম্বুলেন্স চালক জানায়, আমাকে খবর দেওয়া হয় দুই জন গুরুতর জখম। আমি দ্রুত ঘটনা স্থলে পৌঁছে দুই জনকে হাসপাতালে নিয়ে আসি।ডাক্তার জানায় দুইজনই মারা গেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।







