Explore

Search

October 26, 2026 11:04 pm

IAS Coaching

আগামী প্রজন্মের নাট্যশিল্পী তৈরির লক্ষ্যে কালিয়াগঞ্জ শুরু ১০ দিনের কর্মশালা

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ নাট্যচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করা এবং আগামী প্রজন্মের নাট্যশিল্পী তৈরি করার লক্ষ্যে উদ্যোগী হল কালিয়াগঞ্জের অর্ধশতাব্দী প্রাচীন নাট্যদল যাত্রিক নাট্যগোষ্ঠী। সোমবার, স্থানীয় নজমু নাট্য নিকেতনে শুরু হল তাদের উদ্যোগে ১০ দিন ব্যাপী প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দিনাজপুরের বিভিন্ন নাট্যব্যক্তিত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর উত্তরবঙ্গ প্রান্তের প্রান্ত সভাপতি ডঃ তামস রঞ্জন ব্যানার্জী, অনন্য থিয়েটারের বিভুভূষণ সাহা, বিচিত্রা নাট্য সংস্থার চন্দন চক্রবর্তী, অন্যজন নাট্যসংস্থার আবুল আলী, রামকৃষ্ণ নাট্যচর্চার অনুপম দাস, উষাভানুর সৌরভ রায় এবং যাত্রিক নাট্যগোষ্ঠীর নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে কর্মশালার সূচনা নাট্যপ্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।

স্বাগত ভাষণে যাত্রিক নাট্যগোষ্ঠীর সম্পাদক দেবাশীষ পাল বলেন, থিয়েটারের আগামী প্রজন্ম তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের মধ্যে নাট্যচর্চার প্রতি আগ্রহ বাড়ানো, অভিনয়ের দক্ষতা গড়ে তোলা এবং মঞ্চনাটকের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

তিনি জানান, এই কর্মশালায় মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটির বিশেষ আকর্ষণ, প্রশিক্ষণের মধ্য দিয়েই একটি নতুন নাটক প্রযোজনা করা হবে। আগামী ৪ঠা নভেম্বর সেই নাটক দর্শকদের সামনে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে নাট্যচর্চার সঙ্গে যুক্ত যাত্রিক নাট্যগোষ্ঠীর এই উদ্যোগ নতুন প্রজন্মের শিল্পীদের কাছে মঞ্চনাটকের জগৎকে আরও পরিচিত করে তুলবে বলে আশা নাট্য মহলের। প্রশিক্ষণ থেকে সরাসরি নাটক প্রযোজনার এই প্রয়াস স্থানীয় নাট্যচর্চায় নতুন সম্ভাবনার দিশা দেখাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja