Explore

Search

October 26, 2026 11:04 pm

IAS Coaching

২৯ অক্টোবর রায়গঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রশাসনিক বৈঠক ও জনসভা ঘিরে জোর প্রস্তুতি কর্ণজোড়ায়

 

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তর দিনাজপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৯ অক্টোবর তাঁর এই সফরকে ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা ও উৎসাহ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওইদিন সকালে আকাশপথে রায়গঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী। প্রথমে কর্ণজোড়ার অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

প্রশাসনিক বৈঠকের পর তিস্তা আবাসনের পার্শ্ববর্তী ময়দানে প্রকাশ্য জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সরকারি সহায়তা প্রদান কর্মসূচিতে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কর্ণজোড়া চত্বরে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি। কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সভামঞ্চ তৈরির কাজও চলছে জোরকদমে।

 

সোমবার সভাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ জেলা বিজেপি নেতৃত্ব।

সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম জেলা সফরে আসছেন শুভেন্দু অধিকারী। এই জেলার নাড়ির খবর তিনি খুব ভালো করেই জানেন। স্বাভাবিকভাবেই দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই সফর ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। জেলার জন্য কী ভাবনা রয়েছে, তা মুখ্যমন্ত্রী নিজেই সভামঞ্চ থেকে জানাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja