Explore

Search

October 25, 2026 6:06 pm

IAS Coaching

বীজগ্রামে উদ্ধার সাড়ে পাঁচ ফুটের এশিয়ান ওয়াটার মনিটর লিজার্ড

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীজগ্রামে একটি জলাশয়ের ধার থেকে উদ্ধার করা হল প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি এশিয়ান ওয়াটার মনিটর লিজার্ড। বাংলায় এই সরীসৃপটি ‘রামগাদা’ বা বড় গোসাপ নামে পরিচিত। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সদস্যদের তৎপরতায় প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীজগ্রামের একটি জলাশয়ের ধারে গোসাপটিকে দেখতে পান গ্রামবাসীরা। রবিন বর্মন নামে এক স্থানীয় যুবক বিষয়টি জানতে পেরে গোসাপটিকে উদ্ধারের জন্য উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের দফতরে খবর দেন। খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। দলের সদস্য সৈকত সাহা, অনুস চক্রবর্তী, বিশাল চৌহান ও রোহিত পাশমানের সহযোগিতায় গোসাপটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গোসাপটির পিঠে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। সম্ভবত কেউ সেটিকে আঘাত করেছিল বলে অনুমান করা হচ্ছে। যদিও কীভাবে আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে গোসাপটি এলাকার হাঁস-মুরগি ধরে খাচ্ছিল। সেই কারণে প্রাণীটিকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের পক্ষ থেকে গৌতম তাঁতিয়া বলেন, উদ্ধার হওয়া গোসাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার পর তার শারীরিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এই উদ্ধারকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রাণী প্রেমীরা। মানুষের বসতির আশপাশে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে তাদের আঘাত না করে বন দফতর বা বন্যপ্রাণী উদ্ধারে অভিজ্ঞ সংস্থাকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। বীজগ্রামের এই ঘটনায় স্থানীয়দের একাংশ সচেতনতার পরিচয় দেওয়ায় গোসাপটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja