Explore

Search

October 24, 2026 2:22 pm

IAS Coaching

পুজোর মণ্ডপে উপভোক্তা সচেতনতার শিবির, উত্তর দিনাজপুরে বিশেষ উদ্যোগ ক্রেতা সুরক্ষা দফতরের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দুর্গাপুজোর আনন্দের মধ্যেই সাধারণ মানুষকে উপভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দফতর। পুজোর দিনগুলিতে জেলার বিভিন্ন জনবহুল দুর্গাপুজো মণ্ডপে সচেতনতামূলক শিবির চালু করল উত্তর দিনাজপুর উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দফতরের আঞ্চলিক কার্যালয়। জেলার মোট পাঁচটি পুজো মণ্ডপে এই বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে রায়গঞ্জের রায়পুর পিঁয়াজি মোড়ে যোগমায়া দুর্গাপুজো মন্দিরে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম। তিনি জানান, দুর্গাপুজোর সময় বহু মানুষ কেনাকাটা করেন এবং বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমান। এই সময় সাধারণ মানুষের কাছে উপভোক্তা সচেতনতার বার্তা পৌঁছে দিতেই দফতরের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিবিরে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্কতা, ব্যাঙ্কিং পরিষেবা, সাইবার অপরাধ, খাদ্য নিরাপত্তা-সহ উপভোক্তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। পাশাপাশি, ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে প্রচারমূলক ভিডিও দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সতর্ক ও সচেতন করার ব্যবস্থা রাখা হয়েছে।

শুধু প্রচলিত প্রচারমাধ্যমেই নয়, জেলার ঐতিহ্যবাহী গমীরা মুখা শিল্পীদেরও এই সচেতনতা প্রচারে যুক্ত করা হচ্ছে। সপ্তমীর দিন গমীরা মুখা শিল্পীদের মাধ্যমে বিশেষ সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। লোকসংস্কৃতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে উপভোক্তা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এদিন রায়পুর পিঁয়াজি মোড়ের যোগমায়া দুর্গাপুজো মন্দিরের শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। পুজোর মরশুমে কেনাকাটা থেকে শুরু করে অনলাইন লেনদেন—বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা এড়াতে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাজে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja