
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে আবারও নিজের প্রতিভার স্বাক্ষর রাখল রায়গঞ্জের মেয়ে প্রীতিকা বর্মন। ২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন্স এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে মালয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ভারতীয় দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখল হাতিয়া হাই স্কুলের এই ছাত্রী। প্রীতিকার এই সাফল্যে খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলা জুড়ে।

সোমবার গ্রুপ ই-র শেষ ম্যাচে গ্রুপ আয়োজক মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার মূলপর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। মালয়েশিয়ার সেলায়াংয়ের এমপিএস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের হয়ে গোল করে চিংখামায়ুম রেডিমা দেবী (৩০ মিনিট), প্রীতিকা বর্মন (৫১ মিনিট), অনুস্কা কুমারী (৫৭ মিনিট) এবং নিধি পবন কুমার (৮৭ মিনিট)।

যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্সের নজির গড়েছে ভারতীয় দল। টানা তিনটি ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জালে মোট ২০টি গোল করেছে ভারত। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে একটিও গোল হজম করতে হয়নি ভারতীয় দলকে। এই সাফল্যের সুবাদে টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন্স এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মেয়েরা।

ভারতীয় দলের এই সাফল্যে রায়গঞ্জের প্রীতিকা বর্মনের অবদান ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং ক্রীড়াপ্রেমীরা। আন্তর্জাতিক মঞ্চে বারবার গোল করে প্রীতিকা যেভাবে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছে, তাতে আগামী দিনে ভারতীয় মহিলা ফুটবলে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে উত্তর দিনাজপুর জেলা।






