
#আনন্দ ব্যানার্জি, কলকাতা: রাশিয়ার কাছে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও বড় ব্যবধানে হার ভারতের মহিলা ফুটবল দলের। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ০-৮ গোলে পরাজিত হল ব্লু টাইগ্রেসরা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ০-৪ গোলে হারলেও এদিন শুরু থেকেই রুশ আক্রমণের সামনে কার্যত দিশাহারা দেখায় ভারতীয় দলকে। প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। রাশিয়ার হয়ে জোড়া গোল করেন দারিনা ইশমুখামেতোভা, মারিনে আচোয়ান ও নাতালিয়া মাশিনা। বাকি দুটি গোল দাইয়ানা কিশমাখোভা ও এলিজাভেতা সেমেনোভার।

প্রথম ম্যাচের দল থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে ভারত। কোচ ক্রিসপিন ছেত্রী প্রথম একাদশে সুযোগ দেন শুভাঙ্গী সিং, মৌসুমি মুর্মু, রেণু, দুর্গা পেরুমাল ও প্রিয়দর্শিনী সেল্লাদুরাইকে। অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন রঞ্জনা চানু সোরোখাইবাম। তবে দল গঠনে এই রদবদলও রাশিয়ার দাপট রুখতে পারেনি। দ্রুত পাস, দুই প্রান্ত ধরে আক্রমণ এবং গতির ব্যবহারে বারবার ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে সফরকারীরা। বিপক্ষের আক্রমণ সামলানোর পাশাপাশি বলের দখল ধরে রাখতেও একাধিকবার ব্যর্থ হয় ভারত।

২১ মিনিটে ম্যাচের প্রথম গোল। বাঁ দিক থেকে কসেনিয়া দোলগোভার নিচু ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি ভারতীয় গোলরক্ষক মনালিশা দেবী মইরাংথেম। ফিরতি বলে গোল করে রাশিয়াকে এগিয়ে দেন ইশমুখামেতোভা। চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন আচোয়ান। প্রায় ৩০ গজ দূর থেকে বল পেয়ে একের পর এক ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর জোরালো শট জালে জড়িয়ে যায়।

২৯ মিনিটে তৃতীয় গোল। আজালিয়া জালমিয়েভা ও আচোয়ানের বোঝাপড়ায় তৈরি হওয়া আক্রমণ থেকে গোল করেন কিশমাখোভা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইশমুখামেতোভা। কিরা পেতুখোভাকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় রাশিয়া। বিরতির ঠিক আগে ভারতীয় রক্ষণের ভুল পাসের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আচোয়ান। ফলে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় রাশিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরিবর্ত হিসেবে মাঠে নামা অভিষেককারী গোলরক্ষক নন্দিনীকে পরপর দু’বার পরাস্ত করেন মাশিনা। ৫০ মিনিটে সিন্ডি কোলনির ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন তিনি। পরের মিনিটেই ভারতের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রুশ ফরোয়ার্ড। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০।

৭৪ মিনিটে রাশিয়ার অষ্টম গোল। লম্বা থ্রো থেকে বল পেয়ে সতীর্থের উদ্দেশে বাড়ান মাশিনা। বক্সের প্রান্তে বল নিয়ন্ত্রণ করে জায়গা তৈরি করেন সেমেনোভা। এরপর তাঁর জোরালো ডান পায়ের শট জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত আর গোলের ব্যবধান কমাতে পারেনি ভারত। দুই ম্যাচে রাশিয়ার কাছে পরপর পরাজয়ে ভারতীয় দলের রক্ষণাত্মক দুর্বলতা ও বলের দখল ধরে রাখার ব্যর্থতা আরও একবার প্রকট হল। অন্যদিকে, কলকাতায় দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে সফর শেষ করল রাশিয়া।




