
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দীর্ঘ অপেক্ষার অবসান। প্রতিষ্ঠার ৮৩ বছর পর দরিমানপুর বি.এস.সি. হাই স্কুলে উন্মোচিত হল বিদ্যালয়ের জমিদাতা প্রয়াত ভানুমতী ঘোষের আবক্ষ মূর্তি। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি এই মূর্তি উন্মোচনকে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের সঙ্গে ভানুমতী ঘোষের অবদান ও স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সময় পর মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত, অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী জয়ী দেবনাথ, হেমতাবাদ থানার আইসি সমর রায় এবং জমিদাতা ভানুমতী ঘোষের পরিবারের অধিকাংশ সদস্য। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. ভাস্কর চন্দ্র দত্ত, এবং সাংস্কৃতিক সমিতির সম্পাদক প্রবীর সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা ও কৃতিত্বকে সম্মান জানানো হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা জমিদাতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে ভানুমতী ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






