
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: জেলা পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্যস্তরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল ইটাহার উচ্চ বিদ্যালয়। শুক্রবার দুপুরে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে DIET ও সমগ্র শিক্ষা মিশন (SSM), উত্তর দিনাজপুরের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের ‘লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৬’-এ এই সাফল্য অর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সাফল্যে খুশির হাওয়া ইটাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর এই সাফল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থী-সহ সকলকে অসংখ্য অভিনন্দন। তাঁদের এই সাফল্য বিদ্যালয়ের কাছে গর্বের বিষয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ড. অভিজিৎ চৌধুরীও এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর বক্তব্য, জেলার অন্যতম গমীরা নাচকে স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থাপন করেছে। হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করেছে ছাত্র ছাত্রীরা।

জেলা স্তরে প্রথম স্থান অর্জনের পর এবার রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু ইটাহার উচ্চ বিদ্যালয়ের দলের। রাজ্যস্তরেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশাবাদী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগীরা।






